চুলার ছিটকে পড়া তেলের আগুনে দগ্ধ হয়ে চা বিক্রেতা বাবুল মাতুব্বরের
মৃত্যুর ঘটনায় রাজধানীর শাহআলী থানার পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত
করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেন
সরদার এ তথ্য জানান। বরখাস্তকৃত পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক মোমিনুর
রহমান খান, শ্রীধাম চন্দ্র হাওলাদার ও নিয়াজ উদ্দিন মোল্লা, সহকারী উপ
পরিদর্শক দেবেন্দ্র নাথ এবং কনস্টেবল জসিম উদ্দিন। এর আগে দুপুরে শ্রীধাম
ছাড়া বাকি চারজনকে প্রত্যাহারের কথা জানিয়েছিলেন ডিএমপির মিরপুর বিভাগের
অতিরিক্ত উপ-কমিশনার জসিম উদ্দীন মোল্লা (প্রশাসন)। বুধবার রাতে মিরপুরের
গুদারা ঘাট এলাকায় চা দোকানি বাবুল তার দোকানে অগ্নিদগ্ধ হয়ে বৃহস্পতিবার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাবুলের
পরিবারের অভিযোগ, চাঁদা না পেয়ে পুলিশ বাবুলের দোকানের কেরোসিনের চুলায়
লাঠি দিয়ে আঘাত করেছিল। এতে কেরোসিন ছিটকে বাবুলের গায়ে আগুন ধরে যায়।
অবশ্য অভিযোগ অস্বীকার করে শাহআলী থানা থেকে বলা হয়েছে, পুলিশ নয়, সোর্স
দেখে পালাতে গিয়ে বাবুল দগ্ধ হন। আর বাবুল নিজেও মাদক বিক্রেতা ছিলেন।
No comments:
Post a Comment