Saturday, March 12, 2016

অবাক করা বিতর্কে রিপাবলিকানরা

মুসলিম ইস্যুতে সমালোচনার মুখে ট্রাম্প
ফ্লোরিডার মিয়ামিতে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীদের দ্বাদশ বিতর্কের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল এর সুশীল চরিত্র। এর আগে ৩ মার্চ অনুষ্ঠিত একাদশ বিতর্কে তাঁরা চরম গালমন্দে লিপ্ত হন। মার্কো রুবিও ডোনাল্ড ট্রাম্পকে ‘প্রতারক’ বলে অভিযুক্ত করেন, ট্রাম্প গর্ব প্রকাশ করেন নিজের বিশেষ অঙ্গ নিয়ে। টেড ক্রুজ বলেন সত্যের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বড়ই ক্ষীণ আর জবাবে ট্রাম্প ক্রুজকে বলেছিলেন জন্মের মিথ্যুক।
সিএনএন আয়োজিত বিতর্কের পরিবেশ ছিল সম্পূর্ণ ভিন্ন। রিপাবলিকান দলের চার প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থীর কেউ কারও সম্বন্ধে একটি মন্দ কথা বলেননি। পুরো ব্যাপারটা এতটা বিস্ময়কর মনে হচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প বলতে বাধ্য হলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে আমরা সবাই এত ভদ্র হয়ে গেছি।’
বিতর্কে অংশ নেওয়া সবার চোখ ছিল আগামী মঙ্গলবার, ১৫ মার্চ, তাঁদের পরবর্তী প্রাইমারি ভোটের ওপর। ওই প্রাইমারি খুব গুরুত্বপূর্ণ। কারণ, এর আগের প্রাইমারি ও ককাসগুলোতে যে যেমন ভোট পেয়েছেন, সেই অনুপাতে ডেলিগেট ভাগাভাগি করে নিয়েছেন। কিন্তু মঙ্গলবারের প্রাইমারিতে ফ্লোরিডা, ইলিনয়, ওহাইও এবং নর্থ ক্যারোলাইনার মতো জনবহুল অঙ্গরাজ্যে এবং নর্দান ম্যারিয়ানা আইল্যান্ডে যে ভোট গ্রহণ হবে, তাতে মোট ভোটে বিজয়ী প্রার্থী একাই সব ডেলিগেট লাভ করবেন।
সহপ্রার্থীদের কাছ থেকে না হলেও বিতর্কের সঞ্চালকদের কাছ থেকে কঠিন প্রশ্নের সম্মুখীন হন ট্রাম্প। ইতিপূর্বে ট্রাম্প এক সাক্ষাৎকারে ‘ইসলাম আমাদের ঘৃণা করে’ বলে যে মন্তব্য করেছিলেন, সে কথা উল্লেখ করে জিজ্ঞেস করা হয়, তিনি কি কিছু কিছু মুসলমান, না সব মুসলমানের কথা বলেছেন? জবাবে ট্রাম্প বলেন, ‘অনেকে হয়তো জানে না, কিন্তু আমি বলছি তারা (অর্থাৎ মুসলমানেরা) আমাদের ঘৃণা করে।’ মার্কো রুবিও এই মন্তব্যের কঠোর সমালোচনা করে বলেন, এই জাতীয় বক্তব্য বিদেশে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে।
ফ্লোরিডার বিপুলসংখ্যক কিউবান অভিবাসীর কথা মনে রেখে মার্কো রুবিও ও টেড ক্রুজ কিউবার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে ওবামা প্রশাসনের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলে হাভানায় মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়ার অঙ্গীকার করেন তাঁরা। একমাত্র ট্রাম্প কিউবার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন সমর্থন করেন। ওবামার সঙ্গে একমত পোষণ করে তিনিও বলেন, দীর্ঘ ৫০ বছর সম্পর্ক ছেদের নীতি অনুসরণ করে কোনো লাভ হয়নি। তবে যে চুক্তির ভিত্তিতে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে, তাকে খুব দুর্বল বলে অভিহিত করেন ট্রাম্প।
রিপাবলিকান প্রার্থীদের মধ্যে ভোটের লড়াইয়ে ট্রাম্প ও ক্রুজ এগিয়ে থাকায় তাঁরা উভয়েই নিজেকে সম্ভাব্য ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করতে সক্ষম বলে দাবি করেন।

মনোনয়ন প্রত্যাশীদের সতর্ক করলেন ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের সতর্ক করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, হোয়াইট হাউজের জন্য যারা প্রতিযোগিতা করছেন তাদের উচিত উত্তেজনা বৃদ্ধি পেতে পারে এমন প্রবণতা এড়িয়ে চলা। রিপাবলিকান দলের শক্তিশালী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষের কারণে তার পূর্ব নির্ধারিত শুক্রবারের শিকাগোর র‌্যালি বাতিল করার একদিন পরেই ওবামা এমন সতর্কতা উচ্চারণ করলেন। তিনি বললেন, প্রার্থীদের উচিত হবে না অবমাননাকর কথাবার্তা বলা। অন্য মার্কিনিদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়া থেকে তাদেরকে বিরত থাকতে হবে। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও প্রতিবাদকারীদের মধ্যে শিকাগোতে র‌্যালি শুরু হওয়ার কয়েক ঘন্টা আগেই সংঘর্ষ হয়। তীব্র সেই সংঘর্ষে রাজপথে নামিয়ে আনা হয় পুলিশ।  এতে র‌্যালি বাতিল করতে বাধ্য হন ট্রাম্প। এরপরও সংঘর্ষ চলতে থাকে। এ সংঘর্ষের জন্য তাকেই দায়ী করেছেন তার দলের মনোনয়ন প্রত্যাশী অন্য প্রতিযোগীরা। তারা বলেছেন, তার জ্বালাময়ী বক্তব্যের কারণেই এ সংঘর্ষ সৃষ্টি হয়েছে। শনিবার তিনি ওহাইয়োতে প্রচারণা চালান। মনোনয়ন লাভে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর মধ্যে এটি অন্যতম। ফ্লোরিডা ও ওহাইয়োতে মঙ্গলবার প্রাইমারি নির্বাচন। শনিবার ট্রাম্প যখন ওহাইওর ডেটনে প্রচারণা চালান তখন এক ব্যক্তি নিরাপত্তা বেষ্টনি ভেদ করে মূল মঞ্চের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন এক ব্যক্তি। এরপর ট্রাম্পকে ঘিরে রাখেন সিক্রেট সার্ভিসের এজেন্টরা। উল্লেখ্য, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে অনেকগুলো বিতর্কিত মন্তব্য করে সমালোচনার শীর্ষে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি নির্বাচিত হলে মেক্সিকো সীমান্তে ‘গ্রেট ওয়াল’ নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তার এ বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট ভিসেন্টি ফক্স। তিনি বলেছেন, এর মধ্য দিয়ে বাণিজ্যিক যুদ্ধ শুরু হবে। এখানেই শেষ নয়। ট্রাম্প এরই মধ্যে তীব্র মুসলিম বিরোধী মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করে দেয়া উচিত। আর এ সপ্তাহের শুরুতে তিনি বলেছেন, ইসলাম মার্কিনিদের প্রতি ঘৃণা পোষণ করে। ওদিকে শিকাগোতে সংঘর্ষের পর তিনি ফক্স নিউজের সঙ্গে কথা বলেছেন। এ সময় ট্রাম্প বিভক্তি সৃষ্টির অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমি বিপুল সংখ্যক মানুষের প্রতিনিধিত্ব করি। এসব মানুষের রয়েছে তীব্র ক্ষোভ। দু’পক্ষের মধ্যেই রয়েছে ভয়াবহ ক্ষোভ। ওদিকে শিকাগোর সংঘর্ষকে দুঃখজনক আখ্যায়িত করেছেন রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশী অপর দুই প্রার্থী মারকো রুবিও ও টেড ক্রজ। এমন অবস্থা সৃষ্টির জন্য ট্রাম্পকে দায়ী করেছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ। অন্যদিকে ট্রাম্প যদি দলীয় চূড়ান্ত মনোনয়ন পান তাহলে তার পক্ষে কাজ না করার প্রত্যয় ঘোষণা করেছেন মারকো রুবিও, জন কাসিচ।