Monday, March 7, 2016

মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল

একাত্তরে গণহত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর দায়ের করা আপিলের রায়েও মৃত্যুদণ্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ সকালে এক মিনিটের সংক্ষিপ্ত রায়ে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন।  বেঞ্চের অপর চার সদস্য হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। ষোল মাস আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদসহ আটজনকে হত্যার দুই অভিযোগে মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।
উল্লেখ্য, একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে ২০১২ সালের ১৭ই জুন মতিঝিলে নয়া দিগন্ত কার্যালয় থেকে কাসেম আলীকে গ্রেপ্তার করা হয়। পরের বছর ৫ই সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় তার যুদ্ধাপরাধের বিচার।  মঙ্গলবার আপিল বিভাগে রায় ঘোষণার সময় তিনি ছিলেন গাজীপুরের কাশিমপুর কারাগারে।