কৃত্রিম বুদ্ধিসম্পন্ন রোবট নিয়ে কল্পবিজ্ঞানের কাহিনী নতুন কিছু নয়।
এসব কল্পবিজ্ঞানের অনেক কাহিনী তো এরই মধ্যে বাস্তবেও পরিণত হয়েছে। আজ থেকে
২০ বছর আগে এমনই কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট ডিপ ব্লু’র কাছে হেরে
গেছিলেন তৎকালীন বিশ্বসেরা দাবাড়– গ্যারি ক্যাসপারভও। তখন থেকেই কৃত্রিম
বুদ্ধি দিয়ে মানুষকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় রোবট শক্তিশালী অবস্থান
গড়ে তুলতে থাকে। এরই ধারাবাহিকতায় এবারে গুগলের একটি কৃত্রিম
বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট মানুষের বিরুদ্ধে জিতে গেছে চীনের ঐতিহ্যবাহী ‘গো’
নামের এক খেলায়। এই খেলাকে দাবা খেলার চাইতেও অনেক বেশি কঠিন মনে করা হয়।
আর সেই কঠিন খেলার চ্যালেঞ্জও জয় করেছে ‘ডিপমাইন্ড’ নামের এই রোবট। একটি
বিজ্ঞান গবেষণাপত্রের সঙ্গে রোবটের এই অর্জনের কথা প্রকাশ করা হয়েছে
সায়েন্টফিক জার্নাল ন্যাচারে। এ খবর জানিয়েছে বিবিসি। খবরে বলা হয়েছে, ‘গো’
খেলাটি চীনের কয়েক হাজার বছরের পুরোনো একটি খেলা। এই খেলায় একটি বোর্ডে
সাদা ও কালো গুটি সাজানো থাকে। খেলাটিতে বিভিন্ন নিয়ম মেনে বিপক্ষের গুটিকে
চারদিক থেকে বন্দী করা হয়। এই খেলার নিয়ম দাবা খেলার চাইতে সহজ হলেও এখানে
নির্দিষ্ট একটি চালের সম্ভাব্যতা দাবা খেলার চাইতে বেশি। এই খেলার
হারজিতের অনুমান করাও খুব শক্ত। মানুষের চিন্তা কাঠামোর মতো করে চিন্তা না
করতে পারলে এই খেলা খুব কঠিন হয়ে পড়ে। সেই কঠিন কাজটিকেই সম্ভব করেছে
গুগলের ডিপমাইন্ড রোবট। কম্পিউটার সফটওয়্যার ধরনের এই রোবটের কৃত্রিম
বুদ্ধি ‘গো’ খেলায় তিন কোটি সম্ভাব্য চাল বিশ্লেষণ করতে সক্ষম। ডিপমাইন্ড
প্রকল্পের প্রধান নির্বাহী ডেমিস হ্যাসাবিস বলেন, এটা ঠিক একজন প্রফেশনাল
খেলোয়াড়ের মতো করেই চিন্তা করতে পারে। এই খেলার কোন ধরনের চাল ভালো এবং কোন
ধরনের চাল খারাপ, সেই ধরণটি শিখতে সক্ষম ডিপমাইন্ড। এটি যত বেশি খেলে, তত
বেশি শেখে। এটা অনেকটা মানুষের মতোই।’ ডেমিস জানান, পরীক্ষাগারে
ডিপমাইন্ডকে প্রচুর গেম খেলানো হয়েছে। তারপর এখন পর্যন্ত মানুষের সঙ্গে
৫০০টি গেম খেলেছে ডিপমাইন্ড। আর এর মধ্যে মাত্র একটিতেই হেরেছে সে।
ডিপমাইন্ড প্রকল্পের কর্মকর্তারা বলছেন, তাদের পরবর্তী পরিকল্পনা ‘গো’
খেলার বিশ্বসেরা খেলোয়াড় লি সিডলের সাথে ডিপমাইন্ডকে খেলানো। দক্ষিণ
কোরিয়ার সিউলে আসছে মার্চে এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেখা যাক,
লি সিডল তার মানবিক বুদ্ধি দিয়ে ডিপমাইন্ডের যান্ত্রিক বুদ্ধিকে পরাস্ত
করতে পারেন কি না।
No comments:
Post a Comment