Sunday, January 24, 2016

রাষ্ট্রদ্রোহ মামলা, খালেদা জিয়ার বিরুদ্ধে সমন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় সমন জারি করেছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদারের আদালত এ আদেশ দেন। সুপ্রিম  কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী মামলা দায়ের করে খালেদা জিয়াকে গ্রেপ্তারের আবেদন করেন। দুপুরে শুনানি শেষে আগামী ৩রা মার্চ খালেদা জিয়াকে আদালতে হাজির হতে বলা হয়। খালেদা জিয়া চাইলে এর আগেও আদালতে হাজিরা দিতে পারবেন বলে আদেশে বলা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২১শে ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন  বেগম খালেদা জিয়া বলেন, ‘আজকে বলা হয় এত লক্ষ শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না।’ গত ২৩শে ডিসেম্বর খালেদা জিয়াকে তার বক্তব্য প্রত্যাহার করতে উকিল নোটিশ পাঠান মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। নোটিশের জবাব না পাওয়ায় ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা অনুযায়ী রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানান তিনি। এরপর গত ২১শে জানুয়ারি রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

No comments:

Post a Comment