Saturday, December 19, 2015

দেশ-বিদেশে আলোচিত পিয়া by ফয়সাল রাব্বিকীন

র‌্যাম্প থেকে বড়পর্দায় পা রেখেই ব্যাপকভাবে আলোচনায় আসেন জান্নাতুল ফেরদৌস পিয়া। আন্তর্জাতিক বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে সফলতা পাওয়া এই মডেল প্রথমবারের মতো রেদওয়ান রনির ‘চোরাবালি’ ছবিতে অনবদ্য অভিনয় করে সবার নজর কাড়েন। এরপর একে একে কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে অভিনয় করেন তিনি। এগুলো হচ্ছে ‘স্টোরি অব সামারা’, ‘গ্যাংস্টারস রিটার্ন’ ও ‘প্রবাসিনীর প্রেম’। এই তিন ছবিতে কাজ করে চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে দারুণভাবে আলোচনায় আসতে সক্ষম হন তিনি। বর্তমানে পিয়া অভিনীত এসব ছবি মুক্তি প্রতীক্ষায় রয়েছে। এদিকে এরই মধ্যে আলভি আহমেদের ‘ইউটার্ন’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ক্যারিয়ারের পঞ্চম এ ছবিতে সাইন করার পরপরই চীনে পাড়ি জমান পিয়া। এশিয়ান ট্রেন্ড-২০১৪-এর রেড কার্পেটে ক্যাটওয়াক করতেই আমন্ত্রিত হয়ে সেখানে যান তিনি। সেখানে অন্যতম সেরা মডেল হিসেবে মনোনয়ন পান। ১৪ থেকে ১৬ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণ্ডির এই শোতে সফলভাবে অংশ নিয়ে এরই মধ্যে দেশে ফিরেছেন তিনি। র‌্যাম্প ও চলচ্চিত্র দিয়ে দেশে আলোচিত হওয়ার পাশাপাশি নিয়মিত বাইরের বড় শোগুলোতে অংশ নিয়ে বিদেশেও এখন মডেল হিসেবে সমান আলোচিত পিয়া। দেশীয় মডেল হিসেবে কাছাকাছি সময়ে এরকম আন্তর্জাতিক খ্যাতির দৃষ্টান্ত নেই বললেই চলে। এই বিষয়ে পিয়া বলেন, এটা আমার পরম পাওয়া। আন্তর্জাতিক শোগুলোতে আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে গর্ববোধ করি। সেখানে যখন আমার সঙ্গে সঙ্গে দেশের নামটা উচ্চারিত হয়, তখন গর্বে বুকটা ভরে যায়। সমপ্রতি চীনের একটি শোতে অংশ নিয়ে ফিরলাম। এর অভিজ্ঞতাও দারুণ। দেশের পাশাপাশি বাইরের মানুষজনও যখন প্রশংসা করেন খুব ভাল লাগে। এভাবেই আমি নিজ কাজের দ্বারা দেশকে প্রতিনিধিত্ব করে যেতে চাই যতদিন সম্ভব হয়। এদিকে দেশে এসেই পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন পিয়া। ২১শে অক্টোবর তার ট্রাস্ট অব ল পরীক্ষা। এ পরীক্ষার প্রস্তুতি এখন জোরেশোরে নিচ্ছেন তিনি। আর এ কারণেই একটি ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে চলতি সময়ের অন্যতম এই গ্ল্যামারাস কন্যাকে। পরীক্ষা শেষ করেই অবশ্য আবার নতুন মিশনে নামবেন পিয়া। অক্টোবরের শেষদিকে ‘ইউটার্ন’ ছবির শুটিংয়ে অংশ নেবেন তিনি। ছবির অন্যতম একটি প্রধান চরিত্রে অভিনয় করবেন এ অভিনেত্রী। এদিকে মাসখানেক আগেই প্রেমিক সুমনকে বিয়ে করে এরই মধ্যে সংসারি বনেছেন এই গ্ল্যামারস কন্যা। বেশ সুখেই দিন কাটছে এই জুটির। বিয়ের পর যেখানে মডেল-অভিনেত্রীদের কাজ খানিক ঢিলেঢালা হয়ে পড়ে, পিয়ার ক্ষেত্রে হয়েছে তার উল্টোটা। তার কাজের গতি যেন আরও বেড়ে গেছে। এ বিষয়ে পিয়া বলেন, আমাদের সম্পর্কটা আসলে অনেক দিনের ছিল। তবে বিয়ের মাধ্যমে সেটা পরিণতি পেলো। বিয়ে পরবর্তী সময়টা অনেক ভাল উপভোগ করছি। কাজও চলছে খুব ভাল গতিতে। আগের মতো করেই অনেক উৎসাহ পাই ওর কাছ থেকে। সত্যি বলতে পৃথিবীর সবচেয়ে সুখি নারী হিসেবেই মনে হয় নিজেকে।

No comments:

Post a Comment