Tuesday, December 15, 2015

‘ফল ঘোষণা পর্যন্ত লড়াইয়ে থাকবে বিএনপি’

আসন্ন পৌরসভা নির্বাচনের মাঝ পথ থেকে সরে আসার পরিকল্পনা বিএনপির নেই বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলাফল ঘোষণা পর্যন্ত বিএনপি লড়াইয়ে থাকবে বলে জানান তিনি। মঙ্গলবার সকালে বিএনপির পৌর নির্বাচন তদারকির জন্য গঠিত কেন্দ্রীয় পর্যবেক্ষণ সেলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুলের সভাপতিত্বে ‘কেন্দ্রীয় পর্যবেক্ষণ সেল’ এর প্রথম বৈঠক হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, একটি কথা আমরা পরিষ্কারভাবে বলতে চাই, অনেকে প্রশ্ন করেন আপনারা আবার মাঝপথ থেকে ফিরে আসবেন কিনা? কোনো সম্ভাবনা নেই। মাঝপথ থেকে ফিরে আসার কোনো সিদ্ধান্ত হয়নি। একেবারে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সবাই অ্যাক্টিভলি মাঠে থাকবেন বলে আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনে যাতে কেউ প্রভাব বিস্তার না করতে পারে সেদিকে কমিশনকে সর্তক থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, ওসমান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment