নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মাঠ ফাঁকা করতে সারা দেশে
বিরোধী নেতাদের গ্রেপ্তার ও হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির
যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। আজ বিকালে নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত এক সংভাদ
সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। হামলা ও গ্রেপ্তারের চিত্র তুলে ধরে রিজভী
আহমেদ বলেন, ঝিনাইদহের হরিনাকুন্ডু ও শৈলকুপায় সরকারি দলের সশস্ত্র
নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে আক্রমণ ও লুটতরাজ
চালাচ্ছে। ধানের শীষের সমর্থকদের মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য তা-ব চালানো
হচ্ছে। পৌর নির্বাচনী এলাকায় বিএনপি নেতাকর্মীদের বাড়ির সামনে বোমা
বিস্ফোরণ করে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি করা হয়েছে। কুষ্টিয়ার বিভিন্ন
এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মীদেরকে আটক করছে।
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ওয়াসেক বিল্লাহকে
গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভোলা-বোরহানউদ্দিন পৌরসভা নির্বাচনে বিএনপির
প্রার্থী মনিরুজ্জামান কবি’র বাড়িতে গত ১৭ই ডিসেম্বর রাতে আওয়ামী লীগের
নেতাকর্মীরা হামলা চালালে প্রার্থী মনিরুজ্জামান ও তার স্ত্রীসহ ৫ জন আহত
হন। কুমিল্লার লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন মোবাইলে ফোন করে পৌর বিএনপি’র
প্রতিটি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকদের হুমকি দিচ্ছেন। জয়পুরহাট সদরে
বিএনপি নেতাকর্মীদেরকে পুলিশ হুমকি দিচ্ছে এবং নির্বাচনী পোস্টার তুলে
ফেলছে। চট্টগ্রামের মিরেরসরাই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক
সাধারণ সম্পাদক নুরুল আমিনকে আওয়ামী লীগ নেতাকর্মীরা বেধড়ক মারধর করে
গুরুতর আহত এবং তার গাড়ি ভাঙচুর করেছে। বারৈয়ারহাট পৌর নির্বাচনে বিএনপি
প্রার্থীর প্রধান সমন্বয়কারী উপজেলা চেয়ারম্যানের ওপর আওয়ামী সন্ত্রাসীরা
নির্বাচনী প্রচারণা চালানোর সময় হামলা চালিয়েছে। ঝালকাঠির নলছিটি পৌরসভা
নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী মো. মজিবুর রহমানকে প্রচারণায় বাধা
দেয়া হচ্ছে। তার মাইক কেড়ে নেয়া হয়েছে এবং পোস্টার ছিঁড়ে ফেলাসহ কর্মীদের
মারধর করা হয়েছে। বরগুনার পাথরঘাটায় ধানের শীষের প্রার্থী মল্লিক মো.
আইয়ুবকে প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। নোয়াখালীর চাটখিলে আওয়ামী লীগের
নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থী ও কর্মীদের ওপর হামলা চালিয়েছে। রাজশাহী
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লিলন হত্যায় জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন
উজ্জলসহ বিএনপি ও যুবদলের ১১ জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলায়
ষড়যন্ত্রমূলক চার্জশিট প্রদান করা হয়েছে। রিজভী আহমেদ বলেন, অবস্থাদৃষ্টে
মনে হচ্ছে- সরকার ও নির্বাচন কমিশন পার্টনারশিপের ভিত্তিতে পৌরসভা
নির্বাচনগুলোতে মেয়রসহ কাউন্সিলর পদগুলো ছিনিয়ে নিতে চাচ্ছে। এই উদ্দেশে
নৌকা প্রতীকের প্রার্থীকে ফাঁকা মাঠে বিজয়ী করতে গ্রেপ্তার হামলা চালাচ্ছে।
মন্ত্রী-এমপিদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে রিজভী আহমেদ বলেন, নাটোর-৪
আসনের সংসদ সদস্য অধ্যাপক আবদুল কুদ্দুস গত ১৭ই ডিসেম্বর বৃহস্পতিবার
দুপুরে বড়াইগ্রাম অনার্স কলেজে একটি অনুষ্ঠানে প্রকাশ্যে সরকারদলীয় মেয়র
প্রার্থী আবদুল বারেকের পক্ষে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং নৌকা
মার্কায় ভোট চান। ফরিদপুর-১ আসনের সরকার দলীয় এমপি আবদুর রহমানের বিরুদ্ধে
শুক্রবার আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেছেন বোয়ালমারী পৌরসভার
স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মোজাফফর হোসেন মিয়া। নারায়ণগঞ্জের সোনারগাঁ
পৌরসভা নির্বাচনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে পড়েছেন তিনজন বর্তমান এবং
সাবেক এমপি। গত ১৭ই ডিসেম্বর চট্টগ্রামের সীতাকু-ে এমপি দিদারুল আলম ও জেলা
প্রশাসক এমএ সালাম নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। নাটোর-গোপালপুর পৌর
নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রোকসানা মোর্তজা লিলি’র বাসায় গত
বৃহস্পতিবার রাতে প্রায় চল্লিশ মিনিট রুদ্ধদ্বার সভা করেছেন পররাষ্ট্র
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ
পলক গতকাল শুক্রবার সকাল ৮টায় একই পৌরসভার ১নং ওয়ার্ডে মন্তাজুরের ধানের
চাতালে এবং ২নং ওয়ার্ডে রজবের চাতালে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা
করেছেন। বিকালে তিনি পৌরসভা মহেন্দ্রপুরেও সভা করেন। ময়মনসিংহের নান্দাইলের
বর্তমান এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন পৌর এলাকার বিভিন্ন স্থানে
উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ভোটারদের নৌকা প্রতীকে ভোট
দেয়ার কথা বলেন।

No comments:
Post a Comment