Friday, December 18, 2015

চেলসি কোচ মরিনহো বরখাস্ত

দ্বিতীয়বারের মতো ইংলিশ ক্লাব চেলসি থেকে বিদায় নিতে হলো ‘স্পেশাল ওয়ান’ খ্যাত  হোসে মরিনহোকে। বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল, পক্ষে-বিপক্ষে তর্কও হচ্ছিল। কিন্তু যা অনুমান করা হচ্ছিল তাই ঘটল। বাজে ফলাফলের কারণে চেলসি কোচের দায়িত্ব থেকে হোসে মরিনহোকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার চেলসি মালিক  রোমান আব্রামোভিচ মরিনহোকে ছাঁটাই করেছেন। গত মৌসুমে চেলসিকে পঞ্চমবারের মতো প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন করানো ৫২ বছর বয়সী মরিনহোর স্থলাভিষিক্ত হবেন  কে, তা জানা যায়নি। গত সোমবার শীর্ষে থাকা লেস্টারসিটির বিপক্ষে ২-১ গোলে  হেরেছিল চেলসি। তখন থেকেই বাতাসে উড়ো খবর ছড়ায়, ব্লুজদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হতে পারে মরিনহোকে। চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচের নয়টিতেই হেরেছে চেলসি। মরিনহোর শিষ্যরা পয়েন্ট টেবিলে রয়েছে ১৬ নম্বরে, অর্জিত পয়েন্ট মাত্র ১৫। লেস্টারের বিপক্ষে হারের পর মরিনহো অভিযোগ করেন,  খেলোয়াড়েরা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এরপরই তার চাকরী নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়ে যায়। এরপরে চেলসির মালিক আব্রামোভিচ জরুরি বৈঠক ডাকেন। বৈঠক শেষে জানোনো হয়, মরিনহোকে বিদায় নিতে হচ্ছে। আরও জানানো হয়, দলের বাজে পারফর্ম নিয়ে মরিনহো এবং চেলসি দুই পক্ষই একমত হয়েছে। ফলে ব্লুজদের ভালোর জন্য দুই পক্ষের ভিন্ন দুই পথে চলাটাই উত্তম। চেলসির রুশ মালিক  রোমান আব্রামোভিচ এখন নতুন কোচের খোঁজে রয়েছেন। মরিনিয়োর উত্তরসূরি হিসেবে  পেপ গুয়ার্দিওলা, গাস হিডিঙ্ক, ব্রেন্ডান রজার্স ও হুয়ানদে রামোসের নাম শোনা যাচ্ছে।

No comments:

Post a Comment