Thursday, January 5, 2017

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি : দুইজন ফের রিমান্ডে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় দায়ের করা মামলায় আত্মসমর্পণকারী দুইজনকে ফের ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। 
 
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। 
 
আদালত সূত্র জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজমের পরিদর্শক মাহবুব আলম আত্মসমর্পণকারী দুইজনের সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে ফের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
 
শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ২৮ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২২ ডিসেম্বর প্রকৌশল কর্মকর্তা এসএম রোকনুজ্জামান ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। ত্রুটি মেরামত করে সেখানে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতির পর ওই উড়োজাহাজেই প্রধানমন্ত্রী বুদাপেস্টে পৌঁছান।
ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি গত ১৮ ডিসেম্বর তাদের তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয়। ৩০ নভেম্বর বাংলাদেশ বিমানের ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ১৪ ডিসেম্বর বরখাস্ত হন বিমানের তিন প্রকৌশলী।
 
এ ঘটনায় বাংলাদেশ বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়েল ম্যানেজমেন্ট) উইং কমান্ডার (অব.) এমএম আসাদুজ্জামান বাদী হয়ে ২০ ডিসেম্বর  রাতে বাংলাদেশ বিমানের প্রধান প্রকৌশলীসহ ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। 
 
মামলার এজাহারের আসামিরা হলেন- বিমানের প্রধান প্রকৌশলী (প্রডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এসএ সিদ্দিক ও প্রধান প্রকৌশলী (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা এসএম রোকনুজ্জামান, সামিউল হক, লুৎফর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসাইন ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান। এদের সবাইকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।

No comments:

Post a Comment