Monday, February 1, 2016

ম্যাচ থামিয়ে রোনালদিনহোর অটোগ্রাফ চাইলেন রেফারি! (ভিডিওসহ)

বিশ্বের ধনী ক্লাবগুলো এক সময় টাকার বস্তা নিয়ে তার পেছনে দৌড়াতো। কিন্তু সময় এখন পাল্টেছে। বয়স ঠেকেছে ৩৫ এ। ক্লাবগুলো তার পেছনে আর দৌড়ায় না। বরং এখন ক্লাবের পেছনেই দৌড়াচ্ছেন তিনি। কিন্তু রোনালদিনহোর জনপ্রিয়তা যে মোটেও কমেনি তা বুঝে গেলো। তার কাছ থেকে ভক্ত-দর্শকদের অটোগ্রাফ নেয়ার ঘটনা স্বাভাবিক ঘটনা। কিন্তু এবার ঘটলো ব্যতিক্রমী ঘটনা। স্বয়ং ম্যাচ পরিচালনাকারী রেফারি ব্রাজিলিয়ান এ সুপারস্টারের কাছে চেয়ে বসলেন অটোগ্রাফ। তাও যেনতেন সময় নয়, ম্যাচ চলাকালে ম্যাচ থামিয়ে। ইকুয়েডরের বার্সেলোনা স্পোর্টং ক্লাবের হয়ে একটি প্রীতি ম্যাচ খেলতে নামেন রোনালদিনহো। সান মার্টিনের বিপক্ষে তার মাঠে নামার সঙ্গে সঙ্গে স্টেডিয়ামে ওঠে ‘রোনি’, ‘রোনি’ নামের ধ্বনি। সবার আগ্রহের কেন্দ্রবিন্দু তখন বার্সেলোনার সাবেক এ স্ট্রাইকার। এমন অবস্থায় হঠাৎ মাঠের মধ্যেই ঘটে এক অভাবনীয় ঘটনা। রেফারি বুক পকেট থেকে হঠাৎ একটি হলুদ কার্ড বের করেন। সবাই তখন অবাক। তাহলে কি রোনালদিনহোকে হলুদ কার্ড দেখাতে যাচ্ছেন তিনি? কিন্তু না, ব্রাজিলিয়ান এ সুপারস্টারের কাছে গিয়ে রেফারি চাইলেন তার অটোগ্রাফ। রোনালদিনহোরও তাকে হতাশ করলেন না। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত রোনালদিনহো বলেন, ‘আমি এখনো অবসর নেইনি।  আমি আরো কিছুদিন খেলে যেতে চাই। সমর্থকদের এমন উন্মাদনা ভালই লাগছে। আমি খুবই খুশি।’

No comments:

Post a Comment