বুদ্ধিজীবীদের সমালোচনা করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন,
বাংলাদেশে বিদেশের কিছু ভাড়া খাটা বুদ্ধিজীবী আছেন। এদের কাজ হচ্ছে দেশের
বিরুদ্ধে অপবাদ দিয়ে বেড়ানো। দেশের উন্নয়ন দেখে এদের কলিজা ফুটে যায়। এদের
বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। গতকাল সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির
ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনাকালে তিনি একথা বলেন। স্পিকার
ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে আরও বক্তৃতা করেন হুইপ
মো. শহীদুজ্জামান সরকার, মীর শওকত আলী বাদশা, মোস্তাফিজুর রহমান, রেজাউল হক
চৌধুরী, রিফাত আমিন প্রমুখ। সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে
কৃষিমন্ত্রী বলেন, পদ্মা সেতুর কাজ শত বাধা বিপত্তি সত্ত্বেও এগিয়ে চলছে।
নির্ধারিত সময়ের মধ্যেই এ সেতুর কাজ শেষ হবে। এই সেতুর কাজ এতদিনে শেষ হতো।
কিন্তু কী কারণে তা হয়নি সবারই জানা। তিনি বলেন, দেশীয় ষড়যন্ত্রকারীরা
বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা আজগুবি তথ্য দিয়ে বিশ্বব্যাংককে
প্রভাবিত করে অভিযোগ তোলে দুর্নীতির। অথচ তারা আজও দুর্নীতির কোনো প্রমাণ
দিতে পারেনি। বরং ‘বিশ্বব্যাংক ও আইএমএফ’সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ও
তাদের কর্মকর্তারা নিজেরাই অস্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন।
মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনার সরকার মানুষকে মাথা তুলে দাঁড়াবার
ব্যবস্থা করেছে। বর্তমান সরকার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলছে।
আমরা দেশের চারদিকে শান্তির পরিবেশ সৃষ্টির জন্য অবিরাম চেষ্টা চালিয়ে
যাচ্ছি। কারণ, আমরা কাজ করছি বিশ্বব্যাপী একটি বৈরী প্রতিকূল পরিবেশের
মধ্যে। তারপরও সরকার বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের
সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। গণতন্ত্রকে হত্যার
উদ্দেশ্যে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে হুইপ শহীদুজ্জামান সরকার বলেন,
গণতন্ত্র ও উন্নয়ন একসঙ্গে চলে না বলে যারা প্রচার করে তারা দুটোই চায় না।
কারণ, গণতন্ত্রকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। এ কারণে প্রধানমন্ত্রী শেখ
হাসিনা গণতন্ত্রকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন কাজ পরিচালনা করছেন।
জনগণের সমর্থনে দেশের উন্নয়ন কাজ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
No comments:
Post a Comment