তিনদফা জানাজা শেষে বিকালে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে
প্রবীণ রাজনীতিবিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গণি। বৃহস্পতিবার
রাত সোয়া ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
ইন্তেকাল করেন আরএ গণি (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স
হয়েছিল ৮৯ বছর। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা
জিয়া। আজ সকাল ৯টায় তার মরদেহ স্কয়ার হাসপাতাল থেকে ধানমন্ডির বাসভবনে নেয়া
হয়। এসময় স্বজনদের আহাজারিতে শোকাহত পরিবেশ তৈরি হয়। সেখানে ছুটে যান
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি
চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনসহ দলের সিনিয়র নেতাকর্মী।
পরিবারের সদস্যদের সমবেদনা জানান তারা। এরপর বাদ জুমা ধানমন্ডির ঈদগাহ
মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বেলা আড়াইটায় তার মরদেহ নেয়া হয় নয়াপল্টন
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে দ্বিতীয় দফা জানান অনুষ্ঠিত
হয়। জানাজায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের
স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন,
তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খানসহ দলের বিভিন্ন সারির নেতাকর্মীরা অংশ নেন।
এরপর বিএনপির পক্ষ থেকে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিকাল ৩টায়
তার মরদেহ নেয়া হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে তৃতীয় দফা
জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক
স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, সাবেক চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক,
এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদসহ দলের নেতাকর্মীরা। এরপর বনানী
কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত করায় আরএ গণিকে। উল্লেখ্য, বিএনপির স্থায়ী
কমিটির এই প্রবীণ সদস্য জিয়াউর রহমানের মন্ত্রিসভায় বিজ্ঞান ও প্রযুক্তি
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
No comments:
Post a Comment